দুর্ঘটনায় নিহত ৮, আহত ৮
প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ২০:৪৯
দেশের কয়েক স্থানে দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। খবর দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি ও থানা সংবাদদাতাদের।
ফরিদপুর\ ফরিদপুর শহরের সদর হসপিটালের সামনের মুজিব সড়কে ট্রাক চাপায় এক দম্পতি নিহত এবং ৪ জন আহত হয়েছে। শনিবার দুপুরে একটি ব্যাটারি চালিত অটোরিক্সাকে বালি বোঝাই একটি ট্রাক চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতি হল বাবুল (৪৫) ও চায়না (৩৫)।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)\ ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি-কেন্দুয়া সড়কের কালিয়ান নামক স্থানে শনিবার মোটর সাইকেল চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া গ্রামের মো. মজিবুর রহমানের মেয়ে তামান্না বেগম (১১) আঠারবাড়ি ইউনিয়নের কালিয়ান গ্রামে খালার বাড়িতে বেড়াতে যায়। গতকাল বাড়ির সামনের সড়ক পারাপারের সময় আঠারবাড়ি থেকে কেন্দুয়াগামী একটি মোটর সাইকেল তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টেকনাফ (কক্সবাজার)\ টেকনাফে চাঁদের গাড়ির ধাক্কায় পথচারী ৫ বছরের এক শিশু ঘটনাস্থলে নিহত ও শিশুর পিতাসহ আরো ৩ জন আহত হয়েছে। নিহত শিশু হচ্ছে উখিয়া উপজেলার ইনানী নিদানিয়া এলাকার ছৈয়দ আলমের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (৫)। শনিবার বিকালে টেকনাফ পৌর এলাকার ফোয়ারা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নূরুল আলমের ছেলে নূরুল কবির (১৮)।
তালা (সাতক্ষীরা)\ সাতক্ষীরার তালায় গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে মীম নামের তিন বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। সে উপজেলার দোহার গ্রামের স্কুল শিক্ষক মো. নূর ইসলাম শেখের কন্যা। শনিবার বাড়ির পাশে খেলা করতে গিয়ে রাস্তার ওপর রাখা গাছের গুঁড়ির নীচে চাপা পড়ে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ গত শনিবার পীরগঞ্জ উপজেলার কোষাডাঙ্গীপাড়া গ্রামের ৮ম শ্রেণীর ছাত্রী আর্নিকা মারা যায়। অপর এক দুর্ঘটনায় শুক্রবার রাতে উপজেলার আলমপুর গ্রামের কীটনাশক বিক্রেতা আইনুল হক (৩৩) মোটরসাইকেল যোগে যাওয়ার পথে চাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাক্টরের ধাক্কায় আহত হয়।
গোয়ালন্দ সংবাদদাতা\ শনিবার রাতে গোয়ালন্দ উপজেলার ফিডমিলের সামনে বাস চাপায় সূর্য্য শেখ (৪০) ও রফিক শেখ (৪০) নামের দুই অটোরিক্সার যাত্রী নিহত হয়েছেন।