বঙ্গবন্ধু সেতুর নিরাপত্তা হুমকির মুখে
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ২০:৫১
বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিমপাড় মিলে সেতু নিরাপত্তার জন্য ১২টি সিসি ক্যামেরার জায়গায় স্থাপন করা হয়েছিল। কিন্তু সংস্কারের অভাবে শুধু নামেই ঝুলে আছে সেই গোপন সিসি ক্যামেরাগুলো। ১২টি ক্যামেরার মধ্যে ৮টিই নষ্ট আর ৪টি সেতুর উপরে লাগানো। বর্তমানে যার ২টি নষ্ট রয়েছে। গত জানুয়ারির মাঝামাঝি সেতুর পূর্বপাড় ওজন স্টেশনে স্থাপিত ২টি সিসি ক্যামেরা চুরি হয়ে যায়। নষ্ট হয়ে থাকা সিসি ক্যামেরাগুলোর সংস্কারের এখন পর্যন্ত কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে জানা যায়, পূর্ব ও পশ্চিমপাড়ে শুধু ব্রিজ নিয়ন্ত্রণের জন্য ৪টি সিসি ক্যামেরা ব্যবহার করা হয়। কিন্তু সেই ৪টি ক্যামেরার ২টিই নষ্ট। এখন ২টি দিয়ে চলছে সেতু নিরাপত্তার কাজ। আর বাকিগুলো রয়েছে অকেজো। ঢাকা থেকে উত্তরবঙ্গের যাতায়াতের মাধ্যম এই বৃহত্ বঙ্গবন্ধু সেতু। অথচ সেখানে মাত্র ২টি গোপন সিসি ক্যামেরা দিয়ে চলছে সেতুর নিরাপত্তার কাজ। বাংলাদেশ সেনাবাহিনীর কাজ থেকে বঙ্গবন্ধু সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় মেটালজিক্যাল কন্সট্রাকশন কোম্পানী অব চায়না (এমসিসিসি) এবং তাদের সাথে থাকা এসইএল ও ইউডিসির (জয়েন্টভেঞ্চার) নামের এই কোম্পানী। বর্তমানে ঠিকাদারী প্রতিষ্ঠানের ৩ বছর পেরিয়ে গেলেও সেতু নিরাপত্তার জন্য নষ্ট গোপন সিসি ক্যামেরাগুলো সংস্কারের কোন উদ্যোগ নেয়নি।
সেতু সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এই কোম্পানী নষ্ট জিনিসের মেরামতের কোন উদ্যোগ নেয় না। ফলে যেগুলো নষ্ট তা নষ্ট হয়েই পড়ে আছে। ফলে ২টি দিয়েই চলছে সেতু নিরাপত্তার কাজ। তদারকির অভাবে বর্তমানে প্রতিনিয়ত সেতুর ওপর মারাত্মক দুর্ঘটনা ঘটে চলেছে। ফলে দুর্ঘটনা ঘটলেও তা বোঝার উপায় থাকে না।