গোপালপুরে সন্ত্রাসীদের হাতে জিম্মি ১৩টি সংখ্যালঘু পরিবার

গোপালপুর পৌরসভার চন্দবাড়ি গ্রামের ১৩টি সংখ্যালঘু পরিবার একদল সন্ত্রাসীর হাতে জিম্মি। সরকারি দলের নাম ভাঙ্গিয়ে অত্যাচার-নির্যাতনের পর এখন তাদের গ্রামছাড়া করার চেষ্টা করছে সন্ত্রাসীরা। সংখ্যালঘু পরিবারের সদস্যরা গতকাল রবিবার দল বেঁধে থানায় হাজির হয়ে জানমালের নিরাপত্তা চেয়ে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেছে। চন্দবাড়ি গ্রামের রংলাল চন্দ পাল অভিযোগ করেন, পার্শ্ববর্তী হাটবৈরাণ গ্রামের মৃত হাবিবের ছেলে ফারুখ, মৃত আছর আলীর ছেলে মনির, চন্দবাড়ি গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে লতিফ এবং ফজর আলীর ছেলে শরীফ সরকারি দলের নাম ভাঙ্গিয়ে সংখ্যালঘু পরিবারের সদস্যদের কাছ থেকে দীর্ঘ দিন ধরে চাঁদা আদায় করে আসছে। কিছুদিন আগে চাঁদা না পেয়ে তারা বাড়িঘরে হামলা চালিয়ে কয়েক দফা ভাংচুর ও লুটপাট চালায়। বেশকজনকে মারধরও করে। গত শনিবার সন্ত্রাসীরা পাড়ায় চড়াও হয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং ১০ ঘন্টার মধ্যে তা পরিশোধ না করলে সকলকে গ্রামছাড়া এবং বউঝিদের উঠিয়ে নেয়ার হুমকি দিয়ে যায়। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুরুজ জানান, দলের নাম ভাঙ্গিয়ে কেউ সংখ্যালঘু নির্যাতনে নামলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।