গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্যসেবা প্রদান

বিজিএমইএ ও ডায়াবেটিক সমিতির চুক্তি স্বাক্ষর

গার্মেন্টসকর্মীদের স্বাস্থ্যসেবা দিতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার বিকেলে বিজিএমইএ ভবনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় বিজিএমইএ’র সদস্য গার্মেন্টস ফ্যাক্টরির কর্মীরা রাজধানী ও এর আশেপাশে অবস্থিত বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খান বলেন, চিকিত্সার পাশাপাশি প্রতিরোধযোগ্য রোগ প্রতিরোধের জন্য গার্মেন্টসকর্মীদের প্রয়োজনীয় স্বাস্থ্যশিক্ষাও দেয়া হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ব্যারিস্টার রফিক-উল হক, মহাসচিব মোহাম্মদ সাইফউদ্দিন এবং বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি ফারুক হাসান, মো. সিদ্দিকুর রহমান ও নাসির চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। -প্রেস বিজ্ঞপ্তি