গোপালগঞ্জে চার মুক্তিযোদ্ধার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি পেশ

গোপালগঞ্জে চার মুক্তিযোদ্ধা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে লেবু ভাই স্মৃতি সংসদ মহান মুক্তিযুদ্ধে আট ও নয় নং সেক্টরের প্রধান সমন্বয়কারী ওয়ালিউর রহমান লেবুসহ অপর তিন মুক্তিযোদ্ধা হত্যাকারীদের বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ মানববন্ধনে স্কুল শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফর রহমান বাচ্চু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা মিয়া, খোন্দকার এহিয়া খালেদ, মিয়া আরিফুজ্জামান রিফু, সিরাজুল ইসলাম সিরাজ, নাজমুল ইসলাম, সমর দাস, মোল্লা ওহিদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এর আগে সকাল দশটায় কমিউনিস্ট পার্টি গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রেস ক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবু হোসেন, নিহত মুক্তিযোদ্ধা কমলেশ বেদজ্ঞের মেয়ে সুতপা বেদজ্ঞ সন্ধ্যাসহ অন্যরা বক্তব্য রাখেন। ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পর ১০ মার্চ কোটালীপাড়া থেকে গোপালগঞ্জে ফেরার পথে টুপুরিয়া নামক স্থানে ওয়ালিউর রহমান লেবু, কমলেশ বেদজ্ঞ, বিষ্ণু পদ কর্মকার এবং রাম প্রসাদ চক্রবর্তী মানিককে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে হেমায়েত বাহিনী।