জয় দিয়ে হার্ড কোর্টে প্রত্যাবর্তন নাদালের

রাফায়েল নাদাল প্রায় এক বছর পরে হার্ড কোর্টে ফেরাটা উদযাপন করলেন দারুণ এক জয়ের মাধ্যমেই। ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে গত শনিবার নাদাল ৭-৬, ৬-২ গেমে জয় পেয়েছেন রায়ান হ্যারিসনের বিরুদ্ধে। জয় পেয়েছেন মহিলা এককের ফেভারিট ভিক্টোরিয়া আজারেঙ্কাও। হাঁটুর ইনজুরির কারণে প্রায় সাত মাস কোর্টের বাইরে থেকে গত জানুয়ারি মাসে আবারো কোর্টে ফেরেন নাদাল। ফেরার পরে চিলিতে নিজের প্রথম টুর্নামেন্টে হেরে যান ফাইনালে গিয়ে। কিন্তু এরপরেই ব্রাজিল এবং মেক্সিকো ওপেনে শিরোপা জিতে সবাইকে বুঝিয়ে দেন ইনজুরি এতটুকু মরচে ধরাতে পারেনি তার খেলায়। তবে হার্ড কোর্টে এখনও নিজেকে প্রমাণ করা বাকি। টুর্নামেন্ট শুরুর আগে নাদাল নিজেও বলেছেন, ইনজুরি আক্রান্ত হাঁটু এই কোর্টে কতটা চাপ সহ্য করতে পারে সে সম্পর্কে সন্দিহান নাদাল নিজেও। অন্যতম শীর্ষ বাছাই হিসেবে প্রথম রাউন্ডে বাই পাওয়ার পরে দ্বিতীয় রাউন্ডে হ্যারিসনের বিরুদ্ধে তার খেলা দেখে মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা নিতে ভালভাবেই প্রস্তুত এই স্প্যানিশ তারকা। দীর্ঘ ৩৪৬ দিন পরে হার্ড কোর্টে নামা। তাই হয়তো একটু সাবধানী ভঙ্গিতেই শুরু করতে চেয়েছিলেন নাদাল। তবে সময় গড়ানোর সাথে সাথেই নিজের সহজাত পাওয়ার টেনিসের প্রদর্শনী দেখাতে শুরু করেন তিনি। টাইব্রেকারে প্রথম সেটটা ৭-৬ গেমে জিতে নেয়ার পরে দ্বিতীয় সেটে দেখা মেলে সেই পুরনো নাদালেরই। তৃতীয় এবং পঞ্চম গেমে দুই বার প্রতিপক্ষের সার্ভে পয়েন্ট তুলে নেন এই সাবেক নাম্বার ওয়ান। হ্যারিসনের মাথার উপর দিয়ে একটি বল পাঠিয়ে দিয়ে দর্শনীয় ভঙ্গিতে ম্যাচের ইতি টানেন নাদাল। দর্শকরাও দারুণ করতালিতে জানিয়ে দেন এখনো তাদের হূদয় থেকে হারিয়ে যাননি ১১ টি গ্রান্ড স্ল্যাম শিরোপাধারী এই তারকা। ম্যাচ শেষে নাদালের কণ্ঠে আনন্দের চেয়ে স্বস্তিই ধরা পড়লো বেশি। দীর্ঘদিন পরে হার্ড কোর্টে ফেরাটাই এই স্বস্তির কারণ। ইন্ডিয়ান ওয়েলসের ২০০৭ এবং ২০০৯ সালের চ্যাম্পিয়ন নাদাল বলেন, ‘ইন্ডিয়ান ওয়েলসে ফিরতে পেরে আমি খুবই খুশি। এটা আমার অন্যতম প্রিয় একটা টুর্নামেন্ট এবং আমি এখানে আসতে ভালবাসি। দু’ সপ্তাহ আগেও আমি জানতাম না, আমি এখানে আসতে পারবো কিনা। তবে এখন আমি খুবই খুশি।’ তৃতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ হবেন আর্জেন্টিনার লিওনার্দো মেয়ার। মেয়ার শনিবার ৬-২,৬-৩ গেমে হারান রাশিয়ার মিখাইল ইউজনিকে। তবে নাদালের জয়ের দিনে বিদায় নিতে হয়েছে বিশ্ব র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা জ্যাঙ্কো টিপসায়েরভিচকে। অবাছাই আর্নেস্ট গালবিস ৬-২, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছেন তাকে। এদিকে মহিলা এককে প্রত্যাশিত জয় পেয়েছেন আজারেঙ্কা, পেত্রোভা, ওজনিয়াকিসহ সব ফেভারিট। টুর্নামেন্টের শীর্ষ বাছাই আজারেঙ্কা ৬-৪, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন ড্যানিয়েলা হান্তুসোভাকে। সাবেক বিশ্বসেরা আনা ইভানোভিচ ৬-১, ৬-২ গেমে টেইলর টাউনসেন্ডকে উড়িয়ে দিয়ে পা রেখেছেন তৃতীয় রাউন্ডে। আর ওজনিয়াকি হারান এলিজ কর্নেটকে।