রাজশাহীতে ভ্যানচালকের মাথা কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের আমগাছি গ্রামে ভ্যানচালক আব্দুল হান্নানের (৩৫) মাথা কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গতকাল রবিবার ভোরে নিজ শয়নকক্ষে তার মস্তকবিহীন লাশ দেখে পরিবারের সদস্যরা থানায় খবর দেয়। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তিনি গ্রামের জসিম উদ্দিনের ছেলে। দুর্গাপুর থানার এস.আই সোহেল রানা জানান, আব্দুল হান্নান পেশায় ভ্যানচালক। মাঝে-মধ্যে দিনমজুরের কাজও করতেন। কয়েকদিন আগে তার স্ত্রী একমাত্র ছেলেকে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে গেছেন। হান্নান একাই নিজ ঘরে ঘুমাতেন। গতকাল রবিবার ভোরে বড়ভাই তাকে ডাকার জন্য ঘরে গিয়ে তার মস্তকবিহীন লাশ দেখে চিত্কার করে ওঠেন। প্রতিবেশীরা এসে লাশ দেখে থানায় খবর দেন। পারিবারিক সূত্র জানায়, নিহত হান্নান একজন শান্ত ও নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। তাকে কে বা কারা খুন করেছে তা অনুমান করা যাচ্ছে না। রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে দুর্গাপুর থানার পুলিশ গতকাল রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ নিহতের খন্ডিত মস্তকের খোঁজে ঘটনাস্থলের চারদিকের দুইশ’ মিটার এলাকায় তল্লাশি চালায়। কিন্তু খন্ডিত মস্তক পাওয়া যায়নি। দুর্গাপুর থানায় হত্যা মামলা হয়েছে।