আশুগঞ্জ সার কারখানায় উত্পাদন বন্ধ
প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ২২:০৮
ইউরিয়া প্ল্যান্টের কার্বন ডাইঅক্সাইড কম্প্রেসারে লিকেজের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা গতকাল রবিবার সকালে ইউরিয়া সার উত্পাদন বন্ধ হয়ে গেছে। চলতি অর্থবছর এই নিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে কারখানায় ২০ বার উত্পাদন বন্ধ হয়েছে।
বার বার উত্পাদন বন্ধ হওয়ার কারণে চলতি অর্থবছরে ইউরিয়া সার উত্পাদনে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। কারখানা বন্ধ থাকায় প্রতিদিন প্রায় তিন কোটি টাকা মূল্যের ১৫শ’ টন ইউরিয়া উত্পাদন ব্যাহত হচ্ছে।
কারখানার কারিগরি বিভাগ সূত্র জানায়, ইউরিয়া প্ল্যান্টের কার্বন ডাইঅক্সাইড কম্প্রেসারে লিকেজের কারণে গতকাল সকালে উত্পাদন বন্ধ হয়ে যায়। যান্ত্রিক ক্রুটির কারণে চলতি অর্থবছরের গত ৮ মাসে মোট ২০ বারে প্রায় ১০৩ দিন কারখানার উত্পাদন বন্ধ ছিল। এতে প্রায় ৩শ’ কোটি টাকা মূল্যের সাড়ে ১৫ হাজার টন ইউরিয়া উত্পাদন ব্যাহত হয়েছে। বিসিআইসি চলতি অর্থবছর উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৩ লাখ ৩০ হাজার টন। বার বার কারখানা বন্ধের কারণে চলতি অর্থবছর উত্পাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মহাব্যবস্থাপক (উত্পাদন) মো. জিন্নাত আলী জানান, ইউরিয়া প্ল্যান্টের কার্বন ডাইঅক্সাইড কম্প্রেসারে ত্রুটির কারণে উত্পাদন বন্ধ। স্থানীয় প্রকৌশলীরা ত্রুটি মেরামত কাজ শুরু করেছেন। চালু করতে ২/৩দিন সময় লাগতে পারে। বর্তমানে ৩২ হাজার টন ইউরিয়া সার মজুদ রয়েছে। কারখানার আওতাভুক্ত এলাকায় সার সংকটের আশংকা নেই।