প্রিন্সিপাল আবুল কাসেমের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

ভাষা সংগ্রামী ও বাংলা কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবুল কাসেমের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা একাডেমী প্রতিষ্ঠার পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যুক্তফ্রন্টের একুশ দফা প্রতিশ্রুতির একটি দফা ছিল বাংলা গবেষণাগার প্রতিষ্ঠা। প্রিন্সিপাল কাসেমের প্রচেষ্টায় এ দফাটি একুশ দফায় সংযোজিত হয়েছিল। এরই ফল আজকের বাংলা একাডেমী। তিনি ১৯২০ সালের ২৮ জুন চট্টগ্রামের চন্দনাইশে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালের এই দিনে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ভাষা-আন্দোলনের অন্যতম পথিকৃত্ প্রিন্সিপাল আবুল কাসেম এ দেশের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে এক বিরল ব্যক্তিত্ব। বাংলা ভাষাকে নানাভাবে অধিকারের আসনে অধিষ্ঠিত করাই ছিল তার আজীবন লালিত স্বপ্ন। বাংলাকে পরিকল্পিতভাবে শিক্ষার মাধ্যম করার জন্য তিনি বাংলা কলেজ প্রতিষ্ঠা করেন। এই কলেজের মাধ্যমে প্রথম উচ্চ মাধ্যমিক শ্রেণী থেকে উচ্চশিক্ষা ক্ষেত্রে বাংলায় কলেজের পাঠ্যপুস্তক প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়াও ভাষা আন্দোলনের মুখপাত্র সাপ্তাহিক সৈনিক, মাসিক দ্যুতিসহ প্রায় অর্ধশতাধিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা। প্রিন্সিপাল আবুল কাসেমের বিভিন্নমুখী অবদানের জন্য এ পর্যন্ত কিছু সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন। ১৯৯৩ সালে স্বাধীনতা দিবস পুরস্কার, ১৯৮৭ সালে একুশে পদক ও ১৯৮২ সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। আজ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।