পাবনার এক বিএনপি নেতার লাশ কুষ্টিয়া থেকে উদ্ধার
পাবনা প্রতিনিধি ও ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ২২:২৪
পাবনা সদর উপ-জেলার গয়েশপুর ইউনিয়ন পরি-ষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা ইব্রাহিম আলী মৃধাকে (৫২) হত্যা করা হয়েছে। কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার লালন শাহ সেতুর নিচ থেকে গতকাল রবিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এ হত্যার
বিচার দাবিতে পাবনায় জেলা বিএনপি আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে এ হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার ও বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন।
কুষ্টিয়ার সিনিয়র এএসপি (ভেড়ামারা সার্কেল) সিএ হালিম জানান, কুষ্টিয়ার ভেড়ামারা লালন শাহ সেতুর টোল প্লাজার কাছে গতকাল একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি আরো জানান, ইব্রাহীম চেয়ারম্যান গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। এরপর গতকাল তার লাশ পাওয়া যায়।
ভেড়ামারা থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি ইব্রাহিম আলী মৃধার বলে শনাক্ত করেন। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রোবাস থেকে তার লাশ ফেলে দেয়া হয়। ভেড়ামারা থানা পুলিশের ধারণা, ইব্রাহিমকে শ্বাসরোধ করে কে বা কারা হত্যা করে লাশ ফেলে রেখে যায়। তার গলায় প্যান্টের বেল পেঁচানো ছিল। এছাড়াও মাথা ও মুখে আঘাতের দাগ রয়েছে।
পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা জানান, নিহত ইব্রাহিম আলী মৃধা গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। সদর উপজেলার ধোপাঘাটা মনোহরপুর গ্রামের মাওলানা আবু তাহের মৃধার ছেলে নিহত ইব্রাহীম। এক বিবৃতিতে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির পক্ষ থেকে আগামীকাল পাবনা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। এদিকে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু তালেব মন্ডল বিএনপির হরতাল সমর্থন দিয়েছেন বলে ফোনে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন। অপরদিকে পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক খোন্দকার প্রিন্স গতকাল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, একজন জনপ্রতিনিধির এই নৃশংস হত্যাকাণ্ড দুঃখজনক। আমি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পাবনা সদর থানার ওসি নূরে আলম জানান, নিহত ইব্রাহীমের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে।