বাঁশখালীতে সংখ্যালঘুদের
হামলাকারীদের গ্রেফতারে
হাইকোর্টের নির্দেশ
প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ২২:২৭
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় জড়িতদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও মন্দির পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে আদালত।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার স্বত:প্রণোদিত হয়ে এই আদেশ দেয়। ইতিমধ্যে প্রশাসনের নেয়া পদক্ষেপ ১৪ মার্চের মধ্যে হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া হামলা রোধে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বাঁশখালীর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করেন এডভোকেট সুব্রত চৌধুরী ও এডভোকেট অনুপম বিশ্বাস। আইনজীবীরা বলেন, ঘটনা ঘটার এক সপ্তাহ পরও প্রশাসনের নেয়া পদক্ষেপ সন্তোষজনক নয়। এ ব্যাপারে আদালতের নির্দেশনা প্রয়োজন।