বেতাগীতে সংখ্যালঘুদের
ওপর বারবার হামলায়
রাত জেগে পাহারা
বেতাগী (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ : ১০ মার্চ ২০১৩, ২২:২৭
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় বেতাগীতে সংখ্যালঘু পরিবারে আতংক বিরাজ করছে। বারবার হামলায় আবারো নতুন করে হামলার আশংকায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা কোথাও কোথাও রাত জেগে পাহারা দিচ্ছেন। উপজেলার পুটিয়াখালি ও মোকামিয়ায় দুর্বৃত্তরা হিন্দুপাড়ায় সমির শীল, বিজেন শীল, কেশব চন্দ্র মন্ডলের বাড়িতে খড়ের গাদায় আগুন দেয়ায় তারা আতংকে দিন কাটাচ্ছেন। প্রথমে সোমবার পরে আবার শনিবার দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। হামলার প্রতিবাদে ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এ স্লোগান ধারণ করে বেতাগীতে মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার সদর ইউপি পরিষদের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু পরেশ চন্দ্র কর্মকার বলেন, একের পর এক হামলার কারণে এখানের সংখ্যালঘুরা আতংকের মধ্যে রয়েছে। তিনি সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, অপারাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ও এলাকায় এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়েছে।