গফরগাঁও’র পাঁচবাগ ইউপি চেয়ারম্যান গ্রেফতার থানা ঘেরাও, অবরোধ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চেয়ারম্যান ও জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের উপজেলা সভাপতি সাইফুস সালেহীন সফাকে গতকাল রবিবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে সরকার দলের স্থানীয় কর্মীরা আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ তাকে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ময়মনসিংহ জিআরপি থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনে মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ জেল হাজতে পাঠায়। এদিকে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে পাঁচবাগ ইউনিয়নের ভিজিডি কার্ডধারী হতদরিদ্র নারীরা থানা ঘেরাও করে চেয়ারম্যানের মুক্তি দাবি করে। পাঁচবাগ ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য নাছিমা বেগম বলেন, চেয়ারম্যানকে মুক্তি না দেওয়া পর্যন্ত মহিলারা থানা থেকে যেতে চাইছেন না। পাঁচবাগ ইউপি চেয়ারম্যান সাইফুস সালেহীনকে গ্রেফতার ও তার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে পাঁচবাগ ইউনিয়নের শাঁখচুড়া ও পাঁচভাগ মোড়ে বিক্ষুব্ধ জনতা দুপুরে গফরগাঁও-হোসেনপুর সড়ক অবরোধ করে। থানার ওসি সাইফুল ইসলাম ফরাজি জানান, ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ময়মনসিংহ জিআরপি থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।