টানা পাঁচ দিন শেয়ারবাজারে দরপতন

রাজনৈতিক অস্থিতিশীলতা আর বিনিয়োগকারীদের আস্থা সঙ্কটে শেয়ারবাজারের মন্দা যেন কিছুতেই কাটছে না। টানা পাঁচ দিন শেয়ারবাজারে দরপতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণও। এদিকে টানা দরপতন এবং লেনদেন কমে যাওয়ায় বিনিয়োগকারীরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের বর্তমান মন্দা পরিস্থিতি কাটিয়ে উঠতে রাজনৈতিক অস্থিরতা দূর করার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থার সঙ্কটও দূর করা প্রয়োজন। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৯ পয়েন্ট কমে ৩ হাজার ৭৬১ পয়েন্টে নেমে এসেছে। আর সাধারণ মূল্যসূচক কমেছে ৩১ পয়েন্ট। ডিএসই-৩০ মূল্যসূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৯২ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার ২৫৫ টাকা। যা আগের দিনের চেয়ে ১৫ কোটি ১৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৬৫ টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে ২৬৫টি কোমপানির ৪ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার ৬৪৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৯৮ পয়েন্ট কমে ১১ হাজার ৭৩৫ পয়েন্টে নেমে এসেছে। আর সিএসই-৩০ মূল্যসূচক কমেছে ৮২ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৫ লাখ ২৪ হাজার ২৮৭ টাকা। লেনদেনকৃত ১৮০টি কোম্পানির মধ্যে দাম কমেছে ১২১টির, বেড়েছে ৪১টির আর অপরিবর্তীত ছিল ১৮টি কোম্পানির শেয়ারের দর। এদিকে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনে খসড়া নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। খসড়া নীতিমালা তৈরির জন্য ইতোমধ্যে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিএসইসি’র কমিশনার আবদুস সালাম শিকদার কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন। অন্য সদস্যরা হলেন- বিএসইসি’র নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, রুকসানা চৌধুরী এবং পরিচালক মাহাবুবুর রহমান চৌধুরী। কমিটিকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে একটি খসড়া নীতিমালা তৈরি করে কমিশনে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।