ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হচ্ছেন ক্যাপ্রিলেস
প্রকাশ : ১১ মার্চ ২০১৩, ২০:১১
শেষ প্রেসিডেন্ট নির্বাচনে হুগো শ্যাভেজের কাছে পরাজিত ভেনেজুয়েলার পশ্চিমাপন্থী প্রার্থী হেনরিক ক্যাপ্রিলেস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। রবিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। শ্যাভেজের উত্তরসূরী অস্থায়ী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে দেবেন না বলে চ্যালেঞ্জ জানিয়েছেন ৪০ বছর বয়সী এ রাজনীতিক। আগামী ১৪ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। জনসমর্থন মাদুরোর দিকে হেলে আছে, জরিপে এমন আভাস পাওয়া গেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উভয় প্রার্থীকে সোমবারের মধ্যে অবশ্যই প্রার্থী হিসেবে নাম তালিকাভুক্ত করতে হবে। শ্যাভেজের নিজস্ব ধরনের সমাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী বিপ্লব বিশ্বের বৃহত্তম খনিজ তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় টিকে থাকবে কিনা তা এ নির্বাচনেই স্থির হবে।