মঠবাড়িয়ায় ব্র্যাক অফিস ও তিন
বাড়িতে ডাকাতি, আটক দুই
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১১ মার্চ ২০১৩, ২১:০৭
পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার গভীর রাতে ব্র্যাক অফিসসহ পৌরশহরের কলেজ পাড়া এলাকার ২টি বাসা এবং উপজেলার নলবুনিয়া গ্রামের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এসময় ডাকতরা নগদ ৪ লাখ টাকা, ১৪ ভরি স্বর্ণ ও ৯টি মোবাইল সেটসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানা গেছে, ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল প্রথমে কলেজ পাড়া এলাকার সৌদি প্রবাসী আবু জাফর ও পার্শ্ববর্তী নুরুল হকের বাসার তালা ও গ্রীল কেটে বাসায় ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লাখ ২০ হাজার টাকা, ১১ ভরি স্বর্ণালঙ্কার ও ৫টি মোবাইল সেটসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এসময় ডাকাতদের হামলায় গৃহকর্ত্রী তাসলিমা ইয়াসমিন গুরুতর আহত হয়। পরে ওই ডাকাতদল উত্তর মিঠাখালী গ্রামের ব্র্যাক অফিসের তালা ভেঙ্গে অস্ত্রের মুখে কর্মকর্তাদের বেঁধে নগদ ৩ লক্ষাধিক টাকা, ৪টি মোবাইল সেট ও একটি স্বর্ণের আংটি লুট করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে জিজ্ঞাসাবাদের জন্য ব্র্যাক অফিসের দিপক চন্দ্র হালদার ও জয়নাল কাজীকে আটক করে। এব্যাপারে শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ সিরাজুল ইসলাম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ৮/১০ জনের একটি ডাকাত দল তালা ভেঙ্গে অস্ত্র ঠেকিয়ে নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া উপজেলার নলবুনিয়া গ্রামে সুখরঞ্জন হালদারের ঘরের দরজা ভেঙ্গে ডাকাতরা নগদ ২০ হাজার টাকা ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। রবিবার পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন, মঠবাড়িয়া থানার ওসি শেখ মোহাম্মদ আবু যাহিদ, ওসি (তদন্ত) আঃ রব ঘটনাস্থল পরিদর্শন করেন।