ফটিকছড়িতে বালি পাচার ক্ষতি শতকোটি টাকা
বিশ্বজিত্ রাহা,ফটিকছড়ি(চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১১ মার্চ ২০১৩, ২১:০৮
উত্তর ফটিকছড়ির বালুটিলা কয়লাছড়া থেকে অবৈধভাবে প্রতিদিন শত শত ট্রাক বালি উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এতে করে উক্ত এলাকার রাস্তাঘাট, ব্রীজ,শত শত একর ফসলী জমি,পাহাড় এমনকি সরকারি রাবার বাগান পর্যন্ত উক্ত খালে বিলীন হয়ে যাচ্ছে। অনুসন্ধানে জানা গেছে উক্ত খালে মাত্র ৪টি পয়েন্ট থেকে বালি তোলার শর্তে চট্টগ্রাম জেলা প্রশাসন ইজারা দেয়। তবে ইজারার শর্তে কোন ড্রেজার মেশিনের অনুমতি নেই। কিন্তু সরেজমিন ঘুরে দেখা গেছে ৪টি পয়েন্ট থেকে বালি তোলার শর্ত থাকলেও বালুটিলা বাজারের পর থেকে মরা কয়লা পর্যন্ত দীর্ঘ ১০কি.মি. জুড়ে বালি তোলার মহোত্সব চলছে।
এমনকি কয়লা খালের সাথে সংযুক্ত একটি খালে তারা বাঁধ দিয়ে প্রবাহ বন্ধ করে সেখান থেকেও অবাধে বালি তোলা হচ্ছে। এ প্রসঙ্গে উক্ত এলাকার চেয়ারম্যান মো.জানে আলম বলেন- খালটি ইজারা দিয়ে সরকার পাচ্ছে মাত্র দেড় কোটি টাকা, কিন্তু পাহাড়, সরকারি বনবাগান, রাবার বাগান, শত শত একর জমি বিলীন হয়ে ইতোমধ্যে ক্ষতি হয়ে গেছে অন্তত শত কোটি টাকার সম্পদ। উক্ত বালি মহালটিতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত মিলে একশ’ জনের একটি শক্তিশালী সিন্ডিকেট জড়িত বলে খোঁজ নিয়ে জানা গেছে।