বরিশাল সদর হাসপাতালে
বিদ্যুত্ চুরির অভিযোগ
প্রকাশ : ১১ মার্চ ২০১৩, ২১:১২
বরিশাল সদর হাসপাতাল যেন এখন মিনি গাড়ির গ্যারেজ। অবৈধভাবে হাসপাতাল ক্যাম্পাসে গড়ে উঠা এ গ্যারেজে প্রতিদিন বিদ্যুত্ চুরি করে ব্যাটারি চালিত অটোরিক্সার চার্জ দেয়া হয়। হাসপাতালের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারী মিলে প্রতি মাসে প্রায় অর্ধ লক্ষ টাকার বিদ্যুত্ অবৈধভাবে ব্যবহার করে টাকা হাতিয়ে নিচ্ছে। আর বকেয়া বিলের পরিমাণ বেড়েই চলছে এ হাসপাতালের। বর্তমানে এ হাসপাতালের কাছে বকেয়া রয়েছে বিদুত্ বিভাগের ২৮ লাখ টাকা।
বিদ্যুত্ বিভাগ জানায়, ২০১০ সালের জুলাই মাস থেকে দুই অর্থ বছরের ২৪ মাসে বকেয়া পড়ে ২৮ লাখ টাকা। বর্তমান অর্থ বছরে ৫ লাখ টাকা বকেয়া বিদ্যুত্ বিল হাসপাতাল কর্তৃপক্ষ পরিশোধ করার পর এখন বকেয়া রয়েছে ২৮ লাখ ৫২ হাজার ৪২৩ টাকা।
প্রতিমাসে এ হাসপাতালে লক্ষাধিক টাকার বিদ্যুত্ বিল আসে বলে বিদ্যুত্ বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। ছোট্ট এই জেনারেল হাসপাতালের বিপুল পরিমাণ বিদ্যুত্ বিল আসার কারণ অনুসন্ধানে দেখা গেছে, হাসপাতালের ৪র্থ শ্রেণীর কোয়ার্টারের ভিতরে একটি টিনের ঘর নির্মাণ করে মিনি গ্যারেজ তৈরি করা হয়েছে। সেখানে সার্বক্ষণিক ৪টি অটো রিক্সায় চার্জ দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ওই ঘরের ভিতরে অবৈধভাবে হাসপাতালের খুঁটি দিয়ে বিদ্যুতের সংযোগ নেয়া হয়েছে। সেখানেই অটো রিক্সার ব্যাটারী চার্জ দিয়ে টাকা আদায় করছে কর্মচারীরা।
ওয়ার্ড মাস্টার নুরুল ইসলাম বিদ্যুত্ ব্যবহার করে অর্জিত টাকার ভাগ নেয়ার কথা অস্বীকার করে জানান হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. দেলোয়ার হোসেন বিষয়টি জানেন। তাকে অবহিত করেই তারা বিদ্যুত্-এর এ সংযোগ নিয়েছেন। ডা. দেলোয়ার হোসেন প্রসঙ্গ এড়িয়ে বলেন, ঐ টিনের ঘরগুলো ভেঙ্গে দেয়া হচ্ছে। এ কাজ আর হাসপাতালে হবে না।