সাদুল্লাপুরে পরিবহন
শ্রমিক ইউনিয়নে দ্বন্দ্ব
প্রকাশ : ১১ মার্চ ২০১৩, ২১:১৩
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ট্রাক, লরি, কাভার্ডভ্যান, পিকআপ পরিবহন শ্রমিক ইউনিয়নের শাখা কমিটি নিয়ে দ্বন্দ্বে শ্রমিকদের রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধের হুমকি দেয়া হয়েছে। এছাড়া এনিয়ে যে কোন সময় স্থানীয় শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে গত রবিবার ধাপেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা আব্দুল জলিল প্রধান জানান।
লিখিত বক্তব্যে আব্দুল জলিল জানান, গতবছর ১০ জুন মিজানুর রহমান লিটনকে সভাপতি এবং আব্দুল জলিল প্রধানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট ধাপেরহাট শাখা ট্রাক, লরি, কাভার্ডভ্যান, পিকআপ পরিবহন শ্রমিক ইউনিয়নের কমিটির অনুমোদন দেয় গাইবান্ধা জেলা কমিটি। কিন্তু ওই কমিটিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে দেয়ার আগেই জেলা কমিটির সভাপতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ওই কমিটি ভেঙ্গে দেন। সেখানে নতুন করে আবারো আর একটি কমিটি গঠনের পাঁয়তারা করছে জেলা কমিটি। এতে করে এলাকায় শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী অসন্তোষ ও সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।