মোহনগঞ্জে বিক্রির সময় বিনামূল্যের বই আটক

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রসার শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বিনামূল্যের সরকারি বই বিতরণ না করে বাজারে বিক্রি করার সময় বিপুল পরিমাণ বই আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসার কেরানী সাদেক মিয়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রদত্ত এবতেদায়ীসহ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের ২০১১-১২ সালের ১ হাজার ৪৪৬টি ও ২০১৩ শিক্ষাবর্ষের ৪১২টি সরকারি পাঠ্য বইসহ মোট ১ হাজার ৮৫৬টি বই পৌর শহরের স্টেশন রোডের একটি ভাঙ্গারি দোকানে বিক্রি করার জন্য নিয়ে আসে। এ সময় দোকান মালিক বইগুলো দেখে তা কিনতে অপারগতা প্রকাশ করেন। পরে স্টেশন এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ওইসব বই জব্দ করলেও কেরানী সাদেক মিয়া কৌশলে পালিয়ে যান। সুপার আব্দুল ওয়াহাব বলেন, বিষয়টি তিনি অবগত নন। মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) রেজাউল ইসলাম খান বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, বইগুলোর তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।