লক্ষ্মীপুরে তিন বাড়িতে ডাকাতি, রামগঞ্জে দুই ডাকাতকে গণধোলাই

সোমবার ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলার গ্রামের গনক বাড়ীর প্রবাসী বাবুল হোসেন ও শ্রীরামপুর গ্রামের গোলাম পাটওয়ারী বাড়ির মোঃ ইউনুছ মিয়ার ঘরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালমাল নিয়ে যায়। ডাকাতের হামলায় ৩ জন আহত হয়েছে। অপরদিকে রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আবদুল কাদের আটিয়া বাড়ির আওয়ামী লীগ নেতা ইছমাইল আটিয়ার ঘরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা মালমাল লুট করে পালিয়ে যাওয়ার সময় ইছমাইল আটিয়ার ছেলে সোহেল মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে চিত্কার করলে জনতা ধাওয়া করে দুই ডাকাতকে আটক করে। জনতা গণধোলাই দিয়ে ডাকাত ফারুক হোসেন ও মিজানুর রহমানকে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। ডাকাত ফারুকের বাড়ী পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কাজীরহাট পুরাণ বাজার এলাকায়। মিজানের বাড়ী একই জেলার হাইমচরের চরডাঙ্গা গ্রামে। মিজানের বাবার নাম আমান উল্ল¬া মিঝি বলে জানা গেছে।