জেরার্ডের গোলে ছয়-এ উঠলো লিভারপুল
প্রকাশ : ১১ মার্চ ২০১৩, ২১:৫৭
স্পোর্টস ডেস্ক
স্টিভেন জেরার্ডের জয়সূচক গোলে গত রবিবার টটেনহ্যাম হটস্পারকে ৩-২ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে উঠে এলো লিভারপুল। এর মধ্য দিয়ে ১২ ম্যাচ পর জয়রথ থামলো কোচ আন্দ্রে ভিলাস বোয়াসের দলের। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় টটেনহ্যাম একটা সময় পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল। কিন্তু লিভারপুল ৮২ মিনিটে পেনাল্টি পেয়ে তা থেকে জেরার্ডের গোলে আনন্দে ভাসায় সমর্থকদের।
লিভারপুলের এটি প্রিমিয়ারশিপে টানা তৃতীয় জয়। ফলে পরবর্তী মৌসুমে ইউরোপা লিগে যাওয়ার সম্ভাবনা জোরালো হলো দলটির। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশাও করতে পারে লিভারপুল। তবে সে ক্ষেত্রে প্রিমিয়ার লিগে তাদের কমপক্ষে শেষ চারের মধ্যে অবস্থান করতে হবে। টটেনহ্যাম এই হারে দ্বিতীয় স্থানে থাকা শিরোপাধারী ম্যানচেস্টার সিটির সাথে ব্যবধান কমাতে ব্যর্থ হলো। অবশ্য হারের পরও তারা আগের তৃতীয় স্থানেই অবস্থান করছে। কিন্তু চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা চেলসি ও আর্সেনালের সাথে ব্যবধান কমে গেল টটেনহ্যামের।
ইউনাইটেড ২৮ খেলা শেষে ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে। সিটি ৫৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে টটেনহ্যাম ৫৪ পয়েন্ট নিয়ে আছে তিনে। এক ম্যাচ কম খেলা চেলসি ৫২ পয়েন্ট নিয়ে চার নম্বরে। পাঁচ পয়েন্ট পেছনে আছে কোচ আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনাল। অপরদিকে ২৯ ম্যাচে লিভারপুলের অর্জন ৪৫ পয়েন্ট।
লুইস সুয়ারেজ লিভারপুলের হয়ে ৫০তম গোল করেন এ ম্যাচে। খেলার প্রথম গোলটি আসে উরুগুয়ের এই তারকা ফুটবলারের কাছ থেকে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এটি তার ২২তম গোল। গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি। জেমি ক্যারাঘার চলতি মৌসুমের পর বুটজোড়া তুলে রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার লিভারপুলের হয়ে নিজের ৫০০তম লিগ ম্যাচে এমন জয় পেয়ে দারুণ খুশি।