ভাঙ্গায় ১৪৪ ধারা ভঙ্গ করে মুক্তিযোদ্ধার জায়গা দখল

ফরিদপুরের ভাঙ্গায় ১৪৪ ধারা ভঙ্গ করে এক মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখলের অভিযোগ উঠেছে। ওই জায়গার মালিক বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মরহুম গিয়াসউদ্দিন মোল্লা।  উপজেলার পৌর সদরের কাপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, একটি মহল ফ্লাট ব্যবসার অন্তরালে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রকাশ্যে জমি দখল করে বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করে। অসহায় মুক্তিযোদ্ধার পরিবারটি উপায়ন্তর না দেখে পুনরায় থানা পুলিশের সহায়তা নেয়। তখন ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করলেও গোপনে নির্মাণ কাজ করে যাচ্ছে চক্রটি।

থানার সহকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধা গিয়াউদ্দিন মোল্লার সন্তান হাফিজুর মোল্লা বিজ্ঞ আদালত হতে জায়গার ওপর ১৪৪ ধারা জারি করেন। এরপর বেশ কয়েকদিন নিরব থাকলেও ফ্লাট ব্যবসায়ী মান্নান মিয়া গত দুইদিন ধরে কাজ শুরু করে। খবর পেয়ে আমি পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করে তাকে কাজ না করার জন্য বলে আসি। আইন-শৃংখলা শান্ত রাখতে পুলিশ সর্বদা বিষয়টির ওপর নজর রাখছে।

বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মরহুম গিয়াসউদ্দিন মোল্লার ছেলে হাফিজুর মোল্লা বলেন, ‘১ এপ্রিল ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পৌর সদরের ৫৫ নং সদরদী মৌজার এস.এ-১৯২১, ডিপি-২৯৪২/২ হাল ২৯৪২/২ নং খতিয়ানের সাবেক দাগ ১৪২৮ হালে ২৪৭০ দাগের ২.৩৩ শতাংশ জমির উপর সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ ও দখল সংক্রান্ত আচরণ হইতে বিরত থাকতে বাদী/বিবাদীকে নির্দেশনা প্রদান করেন। আদালতের নির্দেশনা মান্য করে আমরা আদালতের মাধ্যমে মীমাংসার জন্য অপেক্ষা করি। কিন্তু সুচতুর ফ্লাট ব্যবসায়ী মান্নান মিয়া স্থানীয় কিছু প্রভাবশালীকে ম্যানেজ করে আদালতের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে ঐ জায়গার ওপর কাজ শুরু করে।

আমি স্থানীয় গণ্যমান্যদের সহায়তা নিলে তাদের পরামর্শে পুনরায় পুলিশের দ্বারস্থ হই। পুলিশ মুক্তিযোদ্ধার পরিবারের পাশে দাঁড়িয়ে মান্নান মিয়াকে বারণ করা সত্ত্বেও জায়গার উপর বহুতল ভবন নির্মানের পায়তারা করছে। একইসঙ্গে আমাকে সহ আমাদের পরিবারের সদস্যদের বিভিন্ন লোক দিয়ে মীমাংসার প্রস্তাব দিচ্ছে। নইলে গণ্ডগোল হবে এমন হুমকি প্রদান করছে।

তিনি বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের ভাঙ্গা ইউনিয়ন ও পৌরসভার দীর্ঘদিনের সভাপতিত্ব করেছেন। আমার ভাই উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। আমাদের পরিবারটি আজ ফ্লাট ব্যবসায়ী মান্নান মিয়া ও তার পালিত বাহিনীর কাছে জিম্মি হয়ে আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার বাবার সম্পত্তি রক্ষাসহ পরিবারের নিরপত্তা কামনা করছি।’

আরও পড়ুনঃ ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

এ ব্যাপারে মান্নান মিয়া বলেন, ‘আমরা কয়েকজনে মিলে জায়গাটি কিনে ফ্লাট নির্মাণ করছি। রাস্তার পাশে জায়গা হওয়ায় মুল্য বেশী তাই হয়তো ঐ পরিবারটি জায়গা দখল দিতে রাজি হচ্ছে না। আমরা ঐ পরিবারের অন্য সদস্যদের কাছ থেকেই নগদ মূল্যে জায়গাটি ক্রয় করি।

ইত্তেফাক/নূহু