সংখ্যালঘু নির্যাতনে মার্কিন
কংগ্রেসম্যান জোসেফ
ক্রাউলির উদ্বেগ
বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র
প্রকাশ : ১১ মার্চ ২০১৩, ২২:৪৭
বাংলাদেশে সহিংসতায় সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্য জোসেফ ক্রাউলি। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা, খুন এবং বাড়িঘর ভাঙচুরের মত বে-আইনী এবং ন্যক্কারজনক কাজের মধ্য দিয়ে বাংলাদেশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। যারা এ ধরনের কাজ করছেন তারা গণতান্ত্রিক মানসিকতার পরিচয় দিচ্ছেন না। তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান এবং রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান । কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি ১০ মার্চ বিকেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। নিউইয়র্কের উডসাইডে আইরিশ-আমেরিকান প্যাট্রিক ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন ড. সিদ্দিকুর রহমান। এ সময় কংগ্রেসম্যান ক্রাউলী ড. সিদ্দিকুর রহমানের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। জোসেফ ক্রাউলি অচিরে বাংলাদেশ সফরে যাবার আগ্রহ প্রকাশ করে বলেছেন, আমি বাংলাদেশকে খুব পছন্দ করি। খুব শিগগির বাংলাদেশ সফরে যেতে পারি।