যুদ্ধবিরতি চুক্তি বাতিল করল উত্তর কোরিয়া, হটলাইন বিচ্ছিন্ন

কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনার প্রেক্ষাপটে গতকাল সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়া এই মহড়ার তীব্র নিন্দা জানিয়ে বৈরী দেশ দুটিকে পরমাণু হামলার হুমকি দিয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি অকার্যকর ঘোষণা করেছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে হটলাইন বিচ্ছিন্ন করেছে। সিউল (দক্ষিণ কোরিয়া) বলছে, তাদের এই মহড়া প্রতিরক্ষামূলক। খবর এএফপি ও সিএনএনের। গত মাসে উত্তর কোরিয়া তৃতীয় দফা পরমাণু পরীক্ষা চালানোর পর দেশটির বিরুদ্ধে জাতিসংঘ আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিয়ে সপ্তাহব্যাপী চরম উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের বড় ধরনের মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়া এই যৌথ মহড়াকে ‘সরাসরি যুদ্ধ ঘোষণা’ আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে। পিয়ংইয়ং বলছে, এই মহড়া ১৯৫৩ সালে দুই কোরিয়ার মধ্যে অস্ত্র বিরতি ও দুই দেশের মধ্যকার শান্তি চুক্তির সুস্পষ্ট লংঘন। ওই অস্ত্রবিরতির মাধ্যমে কোরিয়া যুদ্ধের অবসান ঘটে এবং দেশ দুটির মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সাধারণত দুই পক্ষের মধ্যে দিনে দুইবার কথা হয়। গতকাল স্থানীয় সময় সকাল ৯টায় ও বিকাল ৪টায় হটলাইনে ফোন করা হলে উত্তর কোরিয়া সাড়া দেয়নি। ১৯৭১ সালের মধ্যে দুই দেশের মধ্যে এই হটলাইন স্থাপিত হয়।