ব্লগারদের ব্লগ বন্ধ, গ্রেফতার ও শাস্তির আইন করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, দেশপ্রেমিক ঈমানদার জনতা শাহবাগে অবস্থানকারীদের কোন কর্মসূচি দেখতে ও মানতে চায় না। যারা নির্বাচিত সরকারকে তোয়াক্কা না করে একের পর এক ফরমান জারি করে। চাপ প্রয়োগের মাধ্যমে বিচারকদের সুষ্ঠু রায় প্রদানে অন্তরায় সৃষ্টি করে। অনৈতিক নির্দেশ জারি করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকদের হুমকির মাধ্যমে গণদস্তখত গ্রহণের পাঁয়তারা করে তারাই দেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। গতকাল সোমবার বিকালে পটুয়াখালীর গলাচিপা পৌরমঞ্চে দলের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলানা আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন মাওলানা মাহাবুবুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা কাজী গোলাম সরোয়ার, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা জাকির হোসেন প্রমুখ। পীরসাহেব চরমোনাই বলেন, ব্লগারদের বিষয়ে শুধু তদন্ত কমিটি করলেই হবে না দেশকে শান্ত করতে হলে অবিলম্বে শাহবাগে অবস্থানকারীদের সকল অবৈধ, অনৈতিক কর্মকাণ্ড ও কর্মসূচি বন্ধ, নাস্তিক, মুরতাদ ব্লগারদের সকল ব্লগ বন্ধ ও গ্রেফতার এবং আল্লাহ ও রসূল (স.)-এর অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন পাশ করতে হবে। সরকার যতদ্রুত পদক্ষেপ গ্রহণ করবে ততই সকলের জন্য মঙ্গল। নতুবা সংঘাত, নৈরাজ্য আরও বৃদ্ধি পেলে দেশে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। বর্তমান সরকার যদি অতীত ইতিহাস থেকে শিক্ষাগ্রহণে ব্যর্থ হয় তাহলে তাদের পতন আরও ভয়াবহ হতে বাধ্য। ইসলামের বিরুদ্ধে আল্লাহ, রসূল (স:)-এর বিরুদ্ধে অবস্থান নিয়ে অতীতে কেউ ক্ষমতায় থাকতে পারে নাই, বর্তমান সরকারও থাকতে পারবে না। পীরসাহেব চরমোনাই সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আলেম-ওলামা, দেশপ্রেমিক ঈমানদার মুসলমানের প্রাণের দাবি সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করে, নাস্তিক ব্লগারদের গ্রেফতার, কোরআন-সুন্নাহ, আল্লাহ-রসূল (স.)-এর অবমাননাকারীদের বিরুদ্ধে সংসদে শাস্তির আইন পাশ করুন। অন্যথায় ঐক্যবদ্ধ আলেম-ওলামা জীবনের মায়া ত্যাগ করে মাঠে নামলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। -প্রেস বিজ্ঞপ্তি