জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন আজ

আজ মঙ্গলবার সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হচ্ছে। এই ক্যাম্পেইনে প্রায় ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও প্রায় ১ কোটি ৬৭ হাজার শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ২ থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে কৃমিনাশক ‘এলবেনডাজল’ বড়ি খাওয়ানো হবে। গতকাল সোমবার এই ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস বিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এ সব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, দিবসটি উপলক্ষে একটি স্বাস্থ্য বার্তাও পৌঁছে দেয়া হবে। বার্তাটি হলো: ‘জন্মের পর পূর্ণ ৬ মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর জন্য সকলকে বলুন’। শিশুর রোগ প্রতিরোধে মায়ের দুধের কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে এ দেশে প্রায় ২৫ ভাগ শিশু মৃত্যুরোধ করা সম্ভব। শুধুমাত্র বছরে ২ বার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ফলে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত ‘রাতকানা’ রোগ উল্লেখযোগ্য হারে কমে এসেছে। ১৯৮২ সালে যেখানে বছরে শতকরা ৩.৭৬ জন শিশু এ রোগে আক্রান্ত হতো। বর্তমানে এই হার শতকরা ০.০৪ ভাগে নেমে এসেছে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল আদায়ের স্থান, বিমানবন্দর, রেলস্টেশন ও খেয়াঘাটে অবস্থান করবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ৩ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। তবে দুর্গম এলাকার প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত আরও একজন কর্মী নিয়োজিত থাকবেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা এসব কেন্দ্র খোলা থাকবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুর মা-বাবাকে এই সেবা গ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যেভাবে খাওয়াতে হবে এ ক্যাম্পেইনে নির্দিষ্ট সকল শিশুকেই ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। তবে শিশুদের ভরা পেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। কাঁচি দিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মুখ কেটে-এর ভেতরে থাকা তেলের মতো ওষুধ চিপে খাওয়ানো হবে। কৃমিনাশক বড়ি শিশু চিবিয়ে বা চুষে খাবে অথবা গুড়ো করে গুলিয়ে খাওয়ানো যাবে। কোন অবস্থাতেই জোর করে বা কান্নারত অবস্থায় খাওয়ানো যাবে না। প্রেসবিফিংয়ে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মেজর (অব.) মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য সচিব এমএন নিয়াজ উদ্দিন ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো, সিফায়েত উল্লাহ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম অফিস জানায়, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিভিল সার্জন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। নগরীর ৪১টি ওয়ার্ডে প্রায় ১২৮৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই উপলক্ষে গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ড সিটি কর্পোরেশন স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী প্রমুখ।