ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত এবং গাইবান্ধায় একটি যাত্রীবাহী কোচ পানিতে পড়ে গেলে ৩৫ যাত্রী আহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণ-বাড়িয়ার ধরখারে গত রবিবার রাত প্রায় দেড়টায় আখাউড়া থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শহরের পশ্চিম পাইকপাড়ার মৃত অলিউর রহমানের পুত্র হাসান মিয়া (৪৮) মারা যায়। এ সময় সিএনজি যাত্রী মামুন মিয়াা (২৫) ও কামরুল (৪০) গুরুতর আহত হয়। গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল সোমবার দুপুরে ঢাকাগামী একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে ৩৫ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে আশংকাজনক অবস্থায় রংপুর ও বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, রংপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ ঢাকা-রংপুর মহাসড়কের জুম্মারঘর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে মহাসড়ক থেকে প্রায় ১০ ফুট নিচে পুকুরে পড়ে যায়। এতে ওই কোচের সকল যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজনের সহায়তায় কোচের জানালা ভেঙ্গে অন্তত ৩৫ যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। কুমিল্লায় ৬ পুলিশ আহত কুমিল্লা প্রতিনিধি জানান, ফেনী থেকে ফেরার পথে কুমিল্লা জেলা পুলিশের পিকআপ ভ্যানের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষে ৬ পুলিশ আহত হয়েছে। গতকাল সোমবার জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারে হোটেল হাইওয়ে ইন সংলগ্ন এলাকায় বিকাল পৌনে ৪টায় এ ঘটনা ঘটে।