থ্রিজির নিলাম পেছানোর দাবি অপারেটরদের
প্রকাশ : ১১ মার্চ ২০১৩, ২২:৫২
ভ্যাট রিবেট ইস্যুর নিষ্পত্তি না হলে অনুষ্ঠিতব্য থ্রিজির নিলাম প্রক্রিয়ায় অপারেটরদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। এমন অবস্থায় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত থ্রিজির সকল প্রক্রিয়াই পুনঃতফসিল করার দাবি জানিয়েছে ৫টি মোবাইল (টেলিটক ছাড়া) ফোন অপারেটর। গত রবিবার অপারেটরের পক্ষ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে চিঠি দিয়ে এই দাবি জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার নিলামে আগ্রহী অপারেটরদের সঙ্গে বিটিআরসির প্রি-বিট বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেও অংশ নিয়ে রাজি নয় অপারেটরদের প্রতিনিধিরা। এই বৈঠকও পেছানোর জন্য অপারেটরদের পক্ষ থেকে বলা হয়েছে।
গ্রামীণফোনের রেগুলেটরি এফেয়ার্সের প্রধান মাহমুদ হোসাইন ইত্তেফাককে বলেন, থ্রিজির সকল প্রক্রিয়াই পুনঃতফসিল করার জন্য বিটিআরসিকে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি অনিষ্পন্ন ইস্যুগুলোরও নিষ্পত্তি করার অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত টুজি লাইসেন্স নবায়নের জন্য দেয়া টাকার উপর ১৫ শতাংশ রিবেট সুবিধা দাবি করছে অপারেটররা। অর্থমন্ত্রী তাদের রিবেট সুবিধা দেয়ার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত ঝুলে আছে। অপারেটররা চিঠিতে বলেছে, এটির আগে নিষ্পত্তি করতে হবে। তা না হলে তাদের আর নতুন করে বিনিয়োগ করা কঠিন হয়ে পড়েছে।
এসোসিয়েশন অব মোবাইল ফোন অপারেটরসের (এমটব) সাধারণ সম্পাদক নুরুল কবীর ইত্তেফাককে বলেন, অপারেটরদের পক্ষ থেকে ভ্যাট রিবেট ইস্যুটির নিষ্পত্তি করার জন্য বেশ তাগাদাই দেয়া হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি। তাই থ্রিজির সকল প্রক্রিয়াই পুনঃতফসিল করার জন্য বিটিআরসিকে চিঠি দেয়া হয়েছে।
একমাত্র রাষ্ট্রায়াত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে থ্রিজি সেবা শুরু করেছে। অন্য বেসরকারি অপারেটরদের থ্রিজি লাইসেন্স দেয়ার জন্য ইতিমধ্যে নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। নিলামে আগ্রহীদের আগামী ১২ মে’র মধ্যে দরখাস্ত জমা দিতে হবে। এ দরখাস্ত যাচাই-বাছাই করে ২০ মে নিলামযোগ্য অপারেটরদের নাম ঘোষণা করার কথা রয়েছে। আগামী ৩০ মে’র মধ্যে নির্বাচিত অপারেটরদের বিড আর্নেস্ট মানি হিসেবে ২ কোটি ডলার জমা দিতে হবে। চূড়ান্ত নিলামে অংশগ্রহণে যোগ্য অপারেটরদের নাম আগামী ৫ জুন প্রকাশ করবে বিটিআরসি। এসব প্রক্রিয়ার পর আগামী ২৪ জুন থ্রিজির চূড়ান্ত নিলাম অনুষ্ঠিত হবে।
গত ১২ ফেব্রুয়ারি প্রতি মেগাহার্টজ তরঙ্গ মূল্য ২ কোটি ডলার নির্ধারণ করে থ্রিজি লাইসেন্স নীতিমালা চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। চূড়ান্ত নীতিমালায় বাংলাদেশের বেসরকারি পাঁচ মোবাইল অপারেটরদের মধ্যে তিনটি এবং নতুন একটি অপারেটরকে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। খসড়া নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে।