এম তৈয়বুর রহমানের দাফন সম্পন্ন

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৈয়বুর রহমানের দাফন গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে কোম্পানীগঞ্জের খাগাইল মাদ্রাসার মাঠে তার নামাজে জানাজা শেষে খাগাইল মাদ্রাসার পুকুর পাড়ে তাকে দাফন করা হয়। এম তৈয়বুর রহমানের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। জানাজায় অংশগ্রহণ করেন সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমদ, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাব্বির আহমদ, কানাইঘাটের চেয়ারম্যান আশিক চৌধুরী, জৈন্তাপুরের জয়নাল আবেদীন, ফেঞ্চুগঞ্জের সাইফুল্লাহ আল হোসাইন প্রমুখ। তার মৃত্যুতে আজ মঙ্গলবার সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে এক শোক সভার আয়োজন করা হয়েছে। এম তৈয়বুর রহমান গত শনিবার রাতে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে সিলেট ফেরার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। এম তৈয়বুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। বিভিন্ন মহলের শোক: কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৈয়বুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ইমরান আহমদ, সিলেট জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, প্রখ্যাত শিল্পপতি রাগীব আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ ও সদস্য এডভোকেট আজমল আলী। সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।