হরতালে ঢাকাসহ কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ঢাকাসহ কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি পুলিশের সঙ্গে কাজ করবে। গতকাল সোমবার রাত ৮টার দিকে রাজধানীতে প্রাথমিকভাবে ২০ প্লাটুন বিজিবি নামানো হয়। আজ ভোর ৬টা পর্যন্ত বিজিবি মোতায়েন থাকলেও হরতালে পরিস্থিতি অনুযায়ী বিজিবি দায়িত্ব পালন করবে। রাজশাহী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, বগুড়া, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, কক্সবাজারসহ আরো কয়েকটি জেলায় বিজিবি প্রস্তুত থাকবে। হরতালে ঐসব এলাকার পরিস্থিতি অনুযায়ী বিভাগীয় কমিশনার অথবা জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী বিজিবি মাঠে নামানো হবে।