ক্যা ম্পা স তা র কা
‘বন্ধুরা খুব হেল্প করে’
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ১৭:৪৫
ক্লোজআপ ওয়ান তৃতীয় আসরের বিজয়িনী লিজা। পুরো নাম সোনিয়া সুলতানা লিজা। জন্ম ময়মনসিংহ জেলায় ১৯৯১ সালে। লিজা ২০০৮ সালে গাজীপুর পাইলট গার্লস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ময়মনসিংহর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পাস করেন।
বর্তমানে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন। সংগীত ক্যারিয়ারের পাশাপাশি পড়াশোনা কিভাবে চালিয়ে যাচ্ছেন? লিজার সরল উত্তর, ‘আমি আমার বাবা মায়ের বড় সন্তান। আমার একটি ভাই আছে। ওরা সবাই আমাকে উত্সাহ দেয়। পরিবারের সবার ভালোবাসার কারণেই আজ আমি লিজা হয়ে উঠেছি।’
লিজা মনে করিয়ে দেন তিনি যখন প্রথম ক্লোজআপ ওয়ানের অডিশন দিতে আসেন তখন তার এসএসসি পরীক্ষা চলছে। কিন্তু তিনি দুটির মধ্যে কোনটাকেই বাদ দেননি। লিজা বলেন, ‘ইউনিভার্সিটির বন্ধুরা পড়াশোনার ব্যাপারে আমাকে খুব হেল্প করে। ওদের সহায়তা ছাড়া পড়াশোনা চালানো আমার পক্ষে কষ্টসাধ্য ছিলো।’
সারাদিন বন্ধুদের সঙ্গে জমপেশ আড্ডা দিতে পছন্দ করেন লিজা। কিন্তু সময়ের অভাবে খুব একটা আড্ডা দেয়া হয় না। এছাড়া বৃষ্টি খুব ভালো লাগে লিজার। বৃষ্টির দিনে হারিয়ে যেতে ইচ্ছা করে তার। লিজা গানের মেয়ে হিসেবে পরিচিত হলেও তার নিজের রাজ্য আরো স্বপ্নিল। লিজার আবার অনেক গুণ। ছোটবেলা থেকেই ব্যাডমিন্টনের প্রতি তার ভীষণ দুর্বলতা। মা-বাবার কাছ থেকেও এ ব্যাপারে উত্সাহ মিলেছে বলে খেলাটাকে আয়ত্ত করা সহজ হয়েছে। ২০০৩ সালে দেশে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রথম হন তিনি।
লিজা বলেন, ‘ছোটবেলায় যে বিষয়েই আগ্রহ দেখিয়েছি, পরিবারের সবার সহযোগিতা পেয়েছি, উত্সাহ পেয়েছি। কেউ কখনো বাধা দিতেন না। হয়তো এ কারণেই আমার ভেতরকার প্রতিভাগুলোকে আমি জানার সুযোগ পেয়েছি।’ বইকে ঘিরে লিজার সবচে বেশি আগ্রহ। ফলে বহির্বিশ্বের অনেক বিষয়েই লিজার ধারণা বেশ পোক্ত।
বন্ধুরাও কোনো অজানা প্রশ্নের উত্তর খুঁজে না পেলে লিজার শরণাপন্ন হন। এসএসসি ও এইচএসসি দুটিতেই জিপিএ-৫ পেয়েছেন। এখন পড়ছেন ড্যাফোডিল ইউনিভার্সিটিতে।
২০০৮ সালে ক্লোজআপ ওয়ান তৃতীয় আসরে বিচারকের রায়ে অনেকখানি পিছিয়ে থেকেও শুধু এসএমএসকারীদের ভালোবাসায় শীর্ষস্থানে উঠে এসেছিলেন ময়মনসিংহের এই মেয়ে। পড়াশোনার কারণে গানে খুব একটা সময় দিতে পারেন না লিজা। তবে বাসায় ক্লাসিক্যাল চর্চাটা ঠিকই চালিয়ে যাচ্ছেন সমানতালে। সবচে বড় কথা, পড়াশোনা নিয়ে দারুণ ব্যস্ত। এর ফাঁকে ফাঁকে যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছেন।