নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ১৭:৫২
ফাল্গুনী রহমান জিনিয়া, নবম শ্রেণি, সদস্য নম্বর :১২১৭
নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ উত্তরা মডেল টাউনের প্রাণকেন্দ্রে ও মনোরম পরিবেশে অবস্থিত। এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। উত্তরার একমাত্র প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষা ক্ষেত্রে অবদান রেখে আসছে ১৯৬৩ সাল থেকে। নবাব সলিমুল্লাহর ছেলে হাবিবুল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য জমি দান করায় স্কুলটি তার নামেই প্রতিষ্ঠিত। এই স্কুলটিতে ২০০৯ সালে কলেজ শাখা চালু করা হয়। বর্তমানে বাংলাদেশ সরকারের মাননীয় ডাক যোগাযোগমন্ত্রী সাহারা খাতুন এই স্কুলটিকে নানাভাবে সাহায্য ও সহযোগিতা করে আসছেন। ২০১২-তে আমাদের স্কুলে পি.এস.সি. জে.এস.সি. এস.এস.সি ও এইচ.এস.সি সব পরীক্ষাতেই ১০০% পাস এবং ২০১২ সালের এস.এস.সি-তে আমাদের স্কুল ঢাকা বোর্ডে ১২তম স্থান অধিকার করে। আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল হাকিম ছিলেন গণিতের একজন প্রখর মেধাসম্পন্ন ব্যক্তি। এছাড়াও বর্তমানে ফজলুল হক, শামসুল হক, ওসমান গনি, রোকেয়া বেগম আমাদের স্কুলের গণিতের ভালো শিক্ষক।
আমাদের স্কুলে অধ্যয়ন করেছেন এমন অনেক ব্যক্তিই আজ দেশবরেণ্য। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের স্কুলে আছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কম্পিউটার ল্যাব। এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৪০০০ এবং শিক্ষক সবমিলিয়ে মোট ৭৮ জন। প্রতিবছর আমাদের স্কুলে ঈদ-ই-মিলাদুন্নবীতে (সঃ) মিলাদের ব্যবস্থা করা হয় এবং সকল বোর্ড পরীক্ষার আগে শিক্ষার্থীদের জন্য মোনাজাত করা হয়। প্রতিবছর একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস ও জাতীয় শোকদিবস পালন করা হয়। স্কুলটি ‘প্রজ্ঞা’ নামের একটি ম্যাগাজিন প্রকাশ করে। আমি আশা করি, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় এই বিদ্যালয়টি দেশের প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবে। আমি এই স্কুলের একজন শিক্ষার্থী বলে খুব গর্বিত।