যুক্তরাজ্যের সঙ্গেই থাকবে ফকল্যান্ডবাসী

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অধিবাসীরা যুক্তরাজ্যের অধীনেই থাকার পক্ষে ভোট দিয়েছে। রবি ও সোমবার অনুষ্ঠিত ঐ ভোটে প্রায় শতভাগ ভোটারই যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষে মত দেয়। তবে আর্জেন্টিনা এই ভোট প্রত্যাখ্যান করেছে। যুক্তরাজ্যের সঙ্গে থাকার বিপক্ষে পড়ে মাত্র ৩ ভোট। দু’দিনের ভোটে দ্বীপপুঞ্জটির ১৫১৭ ভোট গ্রহণ করা হয় যা মোট ভোটারের ৯০ শতাংশেরও বেশি। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে লড়াইয়ের ৩১ বছর পর আবারো দ্বীপপুঞ্জটির ওপর সার্বভৌমত্ব দাবি করে আর্জেন্টিনা। এর পরিপ্রেক্ষিতে দ্বীপপুঞ্জটির অধিবাসীরা তাদের মতামত জানাতে ভোটের আয়োজন করে। যুক্তরাজ্য সরকার ভোটের ফলাফলকে স্বাগত জানিয়ে বিশ্বের সব রাষ্ট্রের প্রতি এই দ্বীপপুঞ্জের অধিবাসীদের মতামতকে গ্রহণ করে তাতে সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছে। ৩০ বছরেরও বেশি সময় ধরে দ্বীপটি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার। ফকল্যান্ড নিয়ে ৭৪ দিনব্যাপী যুদ্ধের পর এ দ্বীপপুঞ্জটির নিয়ন্ত্রণ নেয় যুক্তরাজ্য। যুদ্ধের পর তিন দশকেরও বেশি সময় ধরে দেশ দু’টির কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটেছে। যুক্তরাজ্য জোর করে দ্বীপটি দখল করেছে বলে অভিযোগ করে আসছে আর্জেন্টিনা। ফকল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে আলোচনার জন্য আর্জেন্টিনার চাপের মুখে দ্বীপপুঞ্জটির অধিবাসীরা এই গণভোটের সিদ্ধান্ত নেয়। ফকল্যান্ডের মোট প্রায় ২৯০০ জনসংখ্যার মধ্যে ১৬৭২ জন যোগ্য ভোটার । গণভোটে ১৫১৭ জন ভোটার ভোট দিয়েছে। তারমধ্যে ১৫১৩ জনই যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষে ভোট দেয়।