নতুন পোপ নির্বাচনে ভ্যাটিক্যানে মিলিত হয়েছেন যাজকরা

মঙ্গলবার সকালে এক ধর্মীয় উপাসনার মাধ্যমে পরবর্তী পোপ নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিকেলে মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত চিত্রকর্ম ‘লাস্ট জাজমেন্ট’ শোভিত সিস্টাইন চ্যাপেলে যাজকরা এক গোপন বৈঠকে পরবর্তী পোপের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। কোনো একজন প্রার্থীর বিষয়ে দুই-তৃতীয়াংশ যাজক একমত না হওয়া পর্যন্ত প্রতিদিন চারবার করে তারা ভোট প্রয়োগ করবেন। ভোট গ্রহণের পুরো সময়ব্যাপী ভ্যাটিক্যান চার্চে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা বলবত্ থাকবে। সর্বশেষ পোপ ষোড়শ বেনেডিক্টের আকস্মিক পদত্যাগে রোমান ক্যাথলিকদের প্রধান যাজকের পদটি হঠাত্ শূন্য হয়ে পড়ে। স্বাস্থ্যগত কারণে পোপের দায়িত্ব পালনে অক্ষমতা প্রকাশ করে ৮৫ বছর বয়সী বেনেডিক্ট ফেব্রুয়ারির ২৮ তারিখে পদত্যাগ করেন।