সুনামগঞ্জে খনি প্রকল্পের ভূমি দখলকারীদের বিরুদ্ধে মামলা

বিসিআইসির অধীনস্থ ছাতক সিমেন্ট কারখানার মালিকানাধীন টেকেরঘাট খনি প্রকল্পের ভূমি ও বাসাবাড়ি দখলের অভিযোগে রবিবার তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন খাঁ, উপজেলা কয়লা আমদানিকারক সমিতির সভাপতি আলকাছউদ্দিন খন্দকার, স্বপন কুমার দাস, গিয়াসউদ্দিন, হাজী নুরু মিয়া, সালাম মেম্বার, শামীম মিয়া, রাজু আহমদ, খন্দকার মোস্তাকসহ ২৫০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও টেকেরঘাট খনি প্রকল্পের তত্ত্বাবধায়ক এসএম আব্দুল হালিম বাদী হয়ে তাহিরপুর থানায় এ মামলা দায়ের করেন। লোকসানের কারণে ২০০৭ সালে টেকেরঘাট খনি প্রকল্পের কার্যক্রম স্থগিত করে কোম্পানির লোকবল ছাতক সিমেন্ট কারখানায় স্থানান্তরিত করা হয়। এ থেকে খনি প্রকল্পের জমি, ডাম্পিং সাইট, বাসাবাড়ি, দোকানকোঠা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। বিসিআইসির অনুমতি ছাড়াই স্থানীয় প্রভাবশালীরা প্রকল্পের জমি, বাসাবাড়ি, ডাম্পিং সাইটসহ কোটি-কোটি টাকা মূল্যের সম্পদ অবৈধভাবে দখল করে নিয়ে বিক্রি ও ব্যবসা-বাণিজ্য করে যাচ্ছে।