বিয়ের প্রলোভনে চার মাস আটকে রেখে ধর্ষণ
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ২১:০৪
বিয়ের প্রলোভন দিয়ে স্থানীয় বখাটে যুবক ৪ মাস ধরে দশম শ্রেণির ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বখাটে যুবকের নাম জুয়েল (২৫)। সে উপজেলার সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের হারুন প্যাদার পুত্র। প্রকাশ জুয়েল ঐ ছাত্রীকে জনৈক মোশারেফ হোসেনের বাড়িতে আটকে রাখে বিয়ের করার কথা বলে মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। প্রায় সাড়ে ৩ মাস পর মেয়েটিকে জুয়েলের বাড়িতে এনে রাখে। কিছুদিন পর জুয়েল মেয়েটিকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বিষয়টি মেয়েটির বাড়িতে এসে বলায় তার অভিভাবকরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মেয়েটি মোবাইলে জুয়েলকে জানালে গত ১০ মার্চ রবিবার তাকে নিয়ে কাকচিড়া লঞ্চযোগে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য রওয়ানা হয়। ওইদিন দুপুরের দিকে মেয়েটিকে জুয়েল কাকচিড়া লঞ্চ টার্মিনালে বসিয়ে রেখে পালিয়ে যায়। জুয়েলকে না পেয়ে রবিবার সন্ধ্যার দিকে বিষখালী নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি। পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল হক বলেন, মেয়েটির জবানবন্দি নেয়া হয়েছে। সুশীলনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। বখাটে যুবককে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।