গাইবান্ধায় মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করায় মামলা

মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করার অভিযোগ এনে গতকাল সোমবার গাইবান্ধা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানি মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ২৫ মার্চ চার আসামীদের প্রত্যেককে স্বশরীরে আদালতে হাজির হবার জন্য সমন জারি করেন। আসমীরা হল, গাইবান্ধা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আলী আকবর, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা আইয়ুব মিয়া, মুক্তিযোদ্ধা মজিবর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২২ ডিসেম্বর গাইবান্ধা শহরের শাপলা পাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা এ কে এম মোশাররফ হোসেন সরকার নিজ বাড়িতে মারা যান (আইডি নং- ০৬০২০১০২৫১, গেজেট নং-১৮০)। তাঁর মৃত্যুর পর মামলার বাদী গাইবান্ধা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করার জন্য মামলার ওই চার আসামীকে অনুরোধ করেন। কিন্তু তারা মোশাররফ হোসেনকে প্রতারক ও অবৈধ সনদের মুক্তিযোদ্ধা বলে রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফনের ব্যবস্থা গ্রহণ করতে অস্বীকার করেন। আব্দুর রশিদ জানান, প্রয়াত মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মুক্তিযোদ্ধার সম্মানি ভাতাও নিয়মিত উত্তোলন করতেন।