ফরিদপুরের সালথায় সংঘর্ষে আহত-১০
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ২১:০৫
ভাড়ায় চালিত মোটর সাইকেলে যাত্রী উঠানো নিয়ে বিরোধের জের ধরে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামে সোমবার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কাদের মাতুব্বর, নুরাল মাতুব্বরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জিয়া মাতুব্বর, আয়েব মাতুব্বর, সবুর মাতুব্বরকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। জানা গেছে, রবিবার রাতে রামকান্তপুর গ্রামের শাহানুর বিশ্বাসের সর্মথক মোটর সাইকেল চালক আলমগীর মাতুব্বর ও প্রতিপক্ষ কাদের মাতুব্বরের সমর্থক চালক মুকুল বিশ্বাসের সাথে যাত্রী উঠানো নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দু’পক্ষ রাতেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হলেও সে সময় সংঘর্ষের ঘটনা না ঘটলেও সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড়ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দু’পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।