চট্টগ্রামে স্বামী খুনের দায়ে স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ২১:১৯
জেলার ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মাসুদুল হককে খুনের দায়ে স্ত্রী মিনা আক্তার ও তার দুই বন্ধু জাহেদ ও সোহেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। সোমবার চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনউল্লাহ এ রায় দিয়েছেন। আদালত সূত্র জানায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মাসুদুল হকের স্ত্রী মিনা আক্তার এলাকায় বন্ধু জাহেদের কাছে সেলাই কাজ শিখতেন। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে জাহেদ এবং মিনা বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু বিয়ের আগে তারা পথের কাঁটা হিসেবে থাকা মাসুদুলকে খুনের পরিকল্পনা করেন। মিনা এবং জাহেদের পরিকল্পনায় যোগ দেন আরেক বন্ধু সোহেলও। পরিকল্পনা অনুযায়ী ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মাসুদুলকে নিয়ে আনোয়ারা উপজেলার মোহছেন আউলিয়ার মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন তারা। আনোয়ারায় পৌঁছার পর গভীর রাতে মাসুদুলকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিম চাল গ্রামে একটি পাহাড়ের ওপর নিয়ে গিয়ে কাঁচি দিয়ে অন্ডকোষ কেটে, ছুরিকাঘাত করে এবং রশি দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করা হয়।