পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের মিয়ানমার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার সাক্ষাত্
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ২১:২০
যুক্তরাষ্ট্রের মিয়ানমার (বার্মা) বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ডব্লিউ প্যাট্রিক মার্ফি পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সাথে সাক্ষাত্ করেছেন। গতকাল মঙ্গলবার মন্ত্রীর নিজ কার্যালয়ে সাক্ষাত্ শেষে তিনি সাংবাদিকদের বলেন, মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মিয়ানমার নিয়ে আমরা একে অপরের উদ্বেগের বিষয়টি শেয়ার করেছি। মতবিনিময় করেছি। প্রায় ৪০ মিনিট পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুইদিনের সফরে গতকাল তিনি বাংলাদেশে আসেন।
প্যাট্রিক মার্ফি বলেন, বাংলাদেশে এটাই তার প্রথম সফর। আমার দায়িত্ব হলো মিয়ানমার বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে সমন্বয় করা এবং বিশ্ব সম্প্রদায়কে এক্ষেত্রে যুক্ত করা। এ উদ্দেশ্যেই আমার বাংলাদেশে আসা। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে আমরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। ঢাকা সফরকালে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে মিয়ানমারের রাজনৈতিক সংস্কার এবং মীমাংসার প্রচেষ্টা জোরদার করতে যুক্তরাষ্ট্রের নীতিমালা, রাখাইন এবং কাচিন প্রদেশে দ্বন্দ্ব্ব, আন্তর্জাতিক সহায়তা এবং দায়িত্বশীল বিনিয়োগসহ অন্যান্য বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।