ফেদেরারের ৮৯০তম জয়
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ২১:৪৬
পেশাদার টেনিস ক্যারিয়ারের ৮৯০তম জয়ের মধ্য দিয়ে শিরোপাধারী রজার ফেদেরার পা রেখেছেন ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে। ফেদেরার গত সোমবার ৬-৩, ৬-১ গেমে পরাজিত করেন ক্রোয়েশিয়ার ইভান ডোডিংকে । জয় পেয়েছেন মহিলা এককের শীর্ষ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাও।
জিমি কনর্স, ইভান লেন্ডল এবং গুইলের্মো ভিলাসের পরে ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে ৮৯০টি ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করলেন ফেদেরার। আর এই রেকর্ড স্পর্শ করার দিনে সহজ জয়েই তৃতীয় ধাপ পেরোলেন তিনি। ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের চার বারের চ্যাম্পিয়ন ফেদেরার ম্যাচের শুরু থেকেই ছিলেন দারুণ স্বাচ্ছন্দ্য। আর বার বার ডাবল ফল্ট করে তার জন্য জেতার কাজটা আরো সহজ করে দেন ডোডিংই। প্রথম সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারলেও দ্বিতীয় সেটে তিনি দাঁড়াতেই পারেননি রেকর্ড ১৫ বারের গ্রান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ফেদেরারের সামনে। ফলে মাত্র ৬১ মিনিটেই জয় নিশ্চিত করেন ফেদেরার। চতুর্থ রাউন্ডে ফেদেরার স্বদেশী সুইস তারকা স্ট্যানিসলাস ওয়াওরিনকা অথবা ১৮তম বাছাই অস্ট্রেলিয়ান লেটন হিউইটের মধ্যে বিজয়ী খেলোয়াড়ের মুখোমুখি হবেন।
ফেদেরারের জয়ের দিনে তৃতীয় রাউন্ডে ওয়াক ওভার পেয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন সাবেক বিশ্বসেরা রাফায়েল নাদাল। সোমবার এই স্প্যানিশ তারকা আর্জেন্টিনার লিওনাদ্যো মায়ারের বিপক্ষে ওয়াক ওভার লাভ করেন। পিঠের ইনজুরির কারণে মায়ার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলে নাদাল ওয়াক ওভার পান। স্টেডিয়ামে এসে উভয় খেলোয়াড় অনুশীলন শুরু করার এক মিনিটের মধ্যেই এই ঘোষণা আসে। হাঁটুর ইনজুরি কাটিয়ে সাত মাস পরে গত মাসে কোর্টে ফেরা নাদালের জন্য এই ওয়াক ওভার অনেকটাই স্বস্তি এনে দিয়েছে।
মহিলাদের বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা তার জয়ের ধারা অব্যাহত রেখেছেন। তৃতীয় রাউন্ডেন সোমবার তিনি বেলজিয়ামের কারস্টেন ফ্লিপকেন্সের বিপক্ষে ৩-৬ গেমে প্রথম সেটে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৬-৩, ৬-০ গেমে পরের দুই সেট জিতে নিয়েছেন। আর এই জয়ে অস্ট্রেলিয়ান ওপেন এবং দুবাই ওপেনের শিরোপা ধরে রাখার পাশাপাশি ২০১৩ সালে এখনও তিনি অপরাজিত আছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের পরে বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা বেলারুশের এই তারকা মার্টিনা নাভ্রাতিলোভার পরে প্রথম খেলোয়াড় হিসেবে পরপর দুই বছর ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা ঘরে তোলার আশা করছেন। নাভ্রাতিলোভা প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে ১৯৯০ এবং ১৯৯১ টানা দু’বার শিরোপা জয়ের রেকর্ড করেন। চতুর্থ রাউন্ডে আজারেঙ্কা পোল্যান্ডের উরুজুলা রাদাওয়ানাস্কার মুখোমুখি হবে। রাদাওয়ানাস্কা তৃতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের জেমি হ্যাম্পটনের বিপক্ষে ৬-০, ৭-৬ (৭/৪) গেমে জয়ী হয়েছেন।
চতুর্থ বাছাই জার্মানীর এ্যাঞ্জেলিক কারবার তৃতীয় রাউন্ডে বেলজিয়ামের ইয়ানিনা উইকমায়ারের বিপক্ষে ৬-১, ৭-৬ (৭/৪) গেমের জয় পেয়েছেন। এছাড়া অপর ম্যাচগুলোতে জয়ী হয়েছেন নাদিয়া পেত্রোভা, ক্যারোলিন ওজনিয়াকি, সামন্থা স্টোসার। -বাসস