জামায়াত-শিবিরের সব অফিস অবরুদ্ধ করে রেখেছে পুলিশ

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, সরকার দেশকে একটি পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। সরকার ২০১১ সালের সেপ্টেম্বর মাসে জামায়াতের কেন্দ্রীয় অফিস তছনছ করেছে। এরপর থেকে পুলিশ জামায়াত ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগর অফিসসহ জামায়াতের সকল কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। তিনি সরকারের বাধা ও পুলিশের গুলি উপেক্ষা করে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। সে সাথে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হরতাল পালনকারীদের উপর পুলিশের হামলা, গুলিবর্ষণ এবং গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, দেশের মানুষ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জেগে উঠেছে। সরকারের জুলুম-নির্যাতন দেশের মানুষকে আন্দোলন থেকে নিবৃত্ত করতে পারবে না। -প্রেস বিজ্ঞপ্তি