বরিশালে আইনজীবীদের ধাওয়ায় ওসির পলায়ন

আদালত চত্বরে এক আসামিকে গ্রেফতার করে আইনজীবীদের রোষানলে পড়েন কোতোয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন। গতকাল মঙ্গলবার তিনি আদালত চত্বরে এক আসামিকে টানা-হেঁচড়া করে নিয়ে আসার সময় আইনজীবীরা এসে তাকে চ্যালেঞ্জ করেন। কয়েকজন আইনজীবী জড়ো হয়ে ওসি শাখাওয়াতকে ধাওয়া করেন। ওসি তখন আসামি ছেড়ে দিয়ে দৌড়ে পালান। আইনজীবীরা জানান, আদালতে আত্মসমর্পণ করতে আসা আসামিকে গ্রেফতার করে থানায় নেয়ার বিধান নেই। ওসি বেআইনিভাবে তাদের মক্কেলকে গ্রেফতার করায় তারা প্রতিবাদ করেছেন। ওসি শাখাওয়াত হোসেন দৌড়ে পালানোর কথা অস্বীকার করে জানান, তিনি গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করতে গিয়েছিলেন। কয়েকজন আইনজীবী বাধা দেয়ায় আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।