বাংলাদেশের সঙ্গে স্থল সীমানা চুক্তির বিরোধিতা করবে বিজেপি

ভারতের প্রধান বিরোধী দল বিজেপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা বাংলাদেশের সঙ্গে স্থল-সীমানা চুক্তির বিরোধিতা করবে। অপ-দখলীয় ভূমিগুলো বিনিময়ে কোনো আপত্তি না থাকলেও ছিটমহল বিনিময়কে সমর্থন করবে না বলে বিজেপি জানিয়েছে। দলের জাতীয় সভাপতি রাজনাথ সিং আনুষ্ঠানিকভাবে তাদের আপত্তির কথা ঘোষণা করেছেন। বিজেপি বলছে, ভারত সরকার বর্তমানে যেভাবে ওই চুক্তিটি করতে চলেছে, তার ফলে জাতীয় স্বার্থ লঙ্ঘিত হবে। দলের জাতীয় কর্মসমিতির সদস্য ও পশ্চিমবঙ্গের প্রধান রাহুল সিনহা বিবিসি বাংলাকে বলেন, “ছিটমহল বিনিময় হলে যে পরিমাণ জমি হাতবদল হবে, তাতে ভারত প্রায় ৭ হাজার একর বেশি জমি হারাবে। এটা জাতীয় স্বার্থের পরিপন্থী। অপ-দখলীয় ভূমির ক্ষেত্রেও ভারতকে বেশি জমি দিতে হবে, কিন্তু সেটাতে আমাদের আপত্তি নেই। একই সঙ্গে ছিটমহলগুলোর ক্ষেত্রে নাগরিকসহ বিনিময়ও আমরা মানব না।” বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা নিয়ে কংগ্রেস আর বিজেপির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলে তিনি উল্লেখ করেন। কিন্তু বন্ধুত্ব রাখার জন্য জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে একতরফাভাবে জমি ছেড়ে দিতে হবে, সেটা তারা মানবেন না। ভারতের সরকার বলছে যে তারা সংসদের চলতি অধিবেশনেই সংবিধান সংশোধনী বিলটি নিয়ে আসবে। নিয়ম অনুযায়ী সংবিধান সংশোধন করতে গেলে সংসদের দুই কক্ষতেই উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশের ভোটে সেটি পাস করাতে হবে। বিজেপির সমর্থন না পেলে সংশোধনী পাস করানো অসম্ভব হবে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের পক্ষে।