শরিক দলগুলোর অফিস তালাবদ্ধ
গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন ১৮ দলের নেতারা
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ২২:২৪
সোমবার পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের ১৫৩ জন নেতা-কর্মীকে আটক করার পর গতকাল দিনভর বিএনপিসহ ১৮ দলীয় জোটের শরিক দলের কার্যালয়গুলো ছিল তালাবদ্ধ। ১৮ দলের মধ্যে জামায়াত বাদে অন্য দলের কোন নেতা ভয়ে রাস্তায় নামতে পারেননি। ১৮ দলের নেতাদের মধ্যে এখন গ্রেফতার আতংক পেয়ে বসেছে। অনেকেই গা ঢাকা দিয়েছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ ছিল দুপুর পর্যন্ত। পুলিশ ঘিরে রাখে এই দফতর। জামায়াতের বড় মগবাজারের কেন্দ্রীয় ও মহানগর কার্যালয় তালাবদ্ধ। পল্টনের নোয়াখালী টাওয়ারে অবস্থিত ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিসের অফিসে ছিল তালা ঝুলানো। আসাদ গেট রোডে অবস্থিত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় কার্যালয়েও ছিল তালা ঝুলানো। ৩৭/২, পুরানা পল্টনে অবস্থিত লেবার পার্টির কার্যালয়ও ছিল তালাবদ্ধ।