হরতাল দিতেই নিজেদের সমাবেশে বিস্ফোরণ ঘটায় বিএনপি :হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, হরতাল দেয়ার জন্যই বিএনপি সোমবার পরিকল্পিতভাবে নিজেদের সমাবেশে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এরপর তাদের লালিত সন্ত্রাসীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়ে। সন্ত্রাসীদের আটক করতে গেলে বিএনপির নেতারা পুলিশকে বাধা দেন। আর পুলিশের কাজে বাধা দেয়ার দায়ে তাদেরও আটক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি কার্যালয় থেকে রাজনৈতিক নেতাদের আটক করার ঘটনাকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করে মাহবুব-উল আলম হানিফ বলেন, এক্ষেত্রে পুলিশ আরো কৌশলী হতে পারতো। তারা এমন পর্যায়ে না গেলে আমরা খুশি হতাম। তিনি বলেন, স্বতঃস্ফূর্ত নয়, আতঙ্ক সৃষ্টি করে হরতাল পালনে জনগণকে বাধ্য করার চেষ্টা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি গণতান্ত্রিক লেবাসে স্বৈরতান্ত্রিক ও সন্ত্রাসী চরিত্রের তা সোমবারের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ হয়েছে। পুলিশ অত্যন্ত সহনশীলতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমাবেশে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, মুকুল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।