রাষ্ট্রপতির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
প্রকাশ : ১২ মার্চ ২০১৩, ২২:২৫
সিঙ্গাপুরে চিকিত্সাধীন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রবিবার রাতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তরের সময় তার শারীরিক অবস্থা যা ছিল তার চেয়ে বর্তমানে অপেক্ষাকৃত ভাল আছেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা গতকাল মঙ্গলবার ইত্তেফাককে জানিয়েছেন।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহবুবুজ্জামান গতকাল ফোনে জানান, রাষ্ট্রপতির ফুসফুসে ইনফেকশনের কারণে পানি জমে যায়। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তির পর এই পানি অপসরণ শুরু হয়। সাথে সাথে ইনফেকশন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় চিকিত্সা শুরু হয়েছে। এতে তার শারীরিক অবস্থা ক্রমশ উন্নতি হচ্ছে।
রাষ্ট্রপতির রোগমুক্তি কামনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন।
দায়িত্ব পালনের মধ্যে অসুস্থতার জন্য বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হন তিনি। গত ডিসেম্বর মাসেও যুক্তরাজ্যে দেশের ১৯তম প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।