সীমান্তে দুই দেশের শিল্পীদের মিলনমেলা

মো. লুত্ফর রহমান, কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা ‘আমরা বাংলায় কথা বলি, আমাদের ভাষা বাংলা। বাংলায় গান গাই, নৃত্য করি বাঙালি সাজে। সংস্কৃতি-সামাজিকতা আমাদের পরিচয়, এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। সব বাঁধা ডিঙিয়ে আমাদের বিনোদন সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সবখানে, বিশ্বের আনাচে-কানাচে’—এমন কথামালায় ও বর্ণাঢ্য আনন্দ আয়োজনের মধ্যদিয়ে গত একুশের দিন কেটেছে এপার বাংলা-ওপার বাংলার হাজার হাজার ভাষা ও সংস্কৃতিপ্রেমীদের। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া মহকুমার নিশ্চিন্তপুর নো-ম্যানস্ ল্যান্ডে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ মিলন মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের যুব ক্রীড়া ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্যামল চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরার সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন সীতা দাস বৌদ্ধ, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন উদ্দিন সিদ্দিকী, উদীচী কুমিল্লার সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ। দুই দেশের সংগীত-নৃত্য-নাট্যশিল্পী, সাহিত্যিক ও বিভিন্ন পেশার হাজারো বাংলা ভাষাভাষীদের অংশগ্রহণ এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত হয়।