একুশের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান

সুবীর বসাক, কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরাতন কোর্ট ভবন প্রাঙ্গণে একুশের মঞ্চে আয়োজন করা হয় সপ্তাহব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ২৮ ফেব্রুয়ারি সমাপনী দিনে ঐতিহ্যবাহী নিকলী গণ-সাংস্কৃতিক দল পরিবেশিত জারি-সারি গান ও ‘নিকলী সুন্দরী’ পালাগান উপস্থিত দর্শক-শ্রোতাদের বিমুগ্ধ করে। শুরুতেই বয়াতি সুজন নাথ গীত সারি গানের সঙ্গে বৈঠা হাতে নৌকায় চড়ে শিল্পীরা মঞ্চে প্রবেশ করে। এরপর শিশুশিল্পী খায়রুল জিন্নাত দিবা ছড়া পাঠ করে। এরপর জারি গান পরিবেশন করে সাদিকা তাসবিয়া অনন্যা এবং দ্বীন ইসলাম বাচ্চু ও তাদের দল। এরপর অনুষ্ঠানের মূল আকর্ষণ খোকন বয়াতি ও তার দল পরিবেশন করে পালাগান ‘নিকলী সুন্দরী’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দিবস, নাতাশা ও খুকী। অনুষ্ঠানটির সার্বিক নির্দেশনায় ছিলেন নিকলী গণ-সাংস্কৃতিক দলের সভাপতি খায়রুল আলম বাদল। জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক কর্মীরা অনুষ্ঠানটি উপভোগ করেন।